পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে রবিবার প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। লিঁওর বিপক্ষে প্যারিসের ক্লাবটি ২-১ ব্যবধানে জিতলেও ম্যাচে মেসিকে ঘিরে একটা ঘটনা নিয়ে আলোচনা থামছে না।
ম্যাচের ৭৫ মিনিটে আর্জেন্টাইন তারকাকে তুলে নিয়েছিলেন কোচ মরিসিও পচেত্তিনো। খেলায় তখন ১-১ সমতা।
মেসির হাঁটুতে কিছুটা অস্বস্তি হচ্ছে মনে হলেও আঙুলের ইশারায় খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছের কথাই বলেছিলেন তিনি। এরপরও কোচ তাকে তুলে নেওয়ায় মেসি বেশ অবাক ও বিস্মিতই ছিলেন। যা পরিষ্কার ফুটে ওঠে।
সাধারণত কোনো কোচকেই মেসির মতো খেলোয়াড়কে সচরাচর তুলে নিতে দেখা যায় না। কিন্তু পচেত্তিনো সেটা করেছেন। ম্যাচের পর যার ব্যাখ্যা দিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। জানিয়েছেন, কেন তিনি এবং তার কোচিং স্টাফ এমন সিদ্ধান্ত নিয়েছেন।
পচেত্তিনো বলেন, ‘ভবিষ্যতে মেসির চোট এড়ানোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আমাদের তাকে রক্ষা করতে হবে।’
পচেত্তিনো আরো বলেন, ‘দলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই জানে আমাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। এই সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে। কখনো কখনো সিদ্ধান্তগুলো তাদের পক্ষে যেতে পারে, কখনো কখনো একটু কম।’
ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়েছিল পিএসজি। পরে পেনাল্টি থেকে নেইমার দলকে সমতা এনে দেন। যোগ করা সময়ে বদলি নামা মাউরো ইকার্দির গোলে রোমাঞ্চকর জয় পায় পিএসজি।
আরো পড়ুন