নতুন চ্যালেঞ্জের আগে ব্রুজন শুধুই কিংসের

ম্যাচ শেষ হতেই প্রতিপক্ষ আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কাছে ছুটে গিয়ে করমর্দন করলেন অস্কার ব্রুজন। দুজনে খানিকক্ষণ দাঁড়িয়ে কথাও বলে নিলেন। পুরো মৌসুমে শত্রুতা ভুলে আজ থেকেই যে এই দুজনকে চড়তে হবে এক নৌকায়। আগামী দু’মাস দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে জাতীয় দল নিয়ে। তবে কালকের সন্ধ্যাটা ব্রুজন কোনোভাবেই জাতীয় দলের হতে চাননি। বরং যে ক্লাব তাকে হাত ভরিয়ে দিয়েছে, সেই বসুন্ধরা কিংসেরই হয়ে রইলেন ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ। লাল-সবুজের কঠিন চ্যালেঞ্জ নেওয়ার আগে ব্রুজন চেয়েছেন লালরঙের উৎসবে মাততে। তাই তো ম্যাচ শেষে তার কথাবার্তা সীমাবদ্ধ থাকল কিংসের মধ্যেই। বার দুয়ের জাতীয় দল নিয়ে প্রশ্ন গেলেও এড়িয়ে গেছেন বিনয়ের সঙ্গে। এখন পর্যন্ত একবারও মুখ ফুটে বলেননি জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন। তবে কাল ম্যাচ শেষে বুঝিয়েই দিলেন আজ থেকে তিনি জাতীয় দলের।

তার অধীনে দু’টি লিগ শিরোপাসহ দু’মৌসুমে পাঁচটি শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস। সাফল্যের জন্য সবাইকে কৃতিত্ব দিলেন ব্রুজন, ‘সাফল্যের জন্য টিম ম্যানেজমেন্টের সবাই কৃতিত্ব পাবে। আমরা প্রায় একই তালে মৌসুমটা খেলে গেছি। ম্যানেজমেন্ট পার্থক্য গড়ে দেওয়ার মতো প্লেয়ার নিয়েছে। যা কাজটা সহজ করে দিয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পেরেছি। আমি খুবই উপভোগ করেছি পুরো মৌসুমটা।’ এ মৌসুমে ব্রুজনের অপ্রাপ্তি বলতে এএফসি কাপের গ্রুপপর্ব পেরুতে না পারা। ব্রুজন বলেন, ‘এএফসি কাপের জন্য খানিকটা আফসোস আছে। তবে এএফসি কাপে আমাদের প্রথম মিশন ছিল। প্রথম মিশনে এক ম্যাচও হারিনি। এটা অবশ্যই বড় ব্যপার। নতুন দলের জন্য বিশাল অভিজ্ঞতা। আশা করছি সামনে দল সাফল্যের দেখা পাবে।’

জাতীয় দল প্রসঙ্গে কোনো কথাই বলতে চাননি ব্রুজন। শুধুই রাখলেন অপেক্ষায়, ‘আজকের (গতকাল) দিনটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। যে কোনো ক্লাব কোচের জন্যই লিগ শিরোপা অনেক বড় অর্জন। এই ট্রফিটা আমি উপভোগ করতে চাই আজ। জাতীয় দল নিয়ে তাই আজ কোনো কথা হবে না। এটা একটা নতুন চ্যালেঞ্জ হবে। নিশ্চয় এটা নিয়ে কাল (আজ) কথা বলব।’