বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে ২০২০ সালের নভেম্বর মাস থেকে দেখানো হচ্ছে নাটক ‘মাশরাফী জুনিয়র’। মেগা সিরিয়ালটির মঙ্গলবারের পর্বে হাজির হচ্ছেন ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।
নাটকে একটি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বেলিম। এ ছাড়া মাঠে টস, অতিথির বক্তব্য ও খুদে ক্রিকেটারদের টিপস দিতে দেখা যাবে এই তারকাকে।
দীপ্ত টিভিতে রাত সাড়ে আটটায় নাটকের এ পর্ব দেখা যাবে। টিভিতে প্রচারের পর নাটকটি দেখা যায় দীপ্তর ইউটিউব চ্যানেলে।
মণি আর মন্ডা নামের দুই ভাইবোনের গল্প নিয়ে প্রতিদিনের ধারাবাহিক ‘মাশরাফী জুনিয়র’। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণিরও ক্রিকেট ও মাশরাফীর জন্য আবেগ–ভালোবাসা জন্ম নেয়। তবে গ্রামের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে হারিয়ে যায় মন্ডা।
ভাইকে খুঁজতে শহরে এসে সাদিক খানের বাড়িতে মণি পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার দেখা। মেয়ে হয়েও ‘মাশরাফী জুনিয়র’ নামে ছেলের বেশ ধরে ক্রিকেট খেলে সুনাম কুড়ায় মণি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেলেও মণি দেখে স্মৃতি হারিয়ে সে এখন ‘মানিক’। এরপর তাদের ক্রিকেট খেলা নিয়েই এগিয়ে যাবে গল্প।
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফী জুনিয়র’–এর চিত্রনাট্য তৈরি করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ্য, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ।