বগুড়ার দুঁপচাচিয়ায় ডোবা থেকে হুমায়ুন (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত হুমায়ুন দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার সন্ধান করেন।
সকালে বাড়ির পাশের ডোবার পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজন তা ওপরে টেনে তোলে। পরে সেই বস্তার মধ্যে হুমায়ুনের মরদেহ দেখে থানায় জানানো হয়। দুপচাঁচিয়া থানা-পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান রুবায়েত বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তার পরিবারও কোনো তথ্য দিতে পারেনি।
পুলিশ লাশ উদ্ধারের পর থেকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।