ডিজিটাল আইনের মামলায় জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন বরিশালের সাইবার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের নির্বাচনী আইন বহির্ভূত মোবাইলে কথোপকথন হয়। এ নিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ তালুকদার ওই বছরের ২৮ ডিসেম্বর লালমোহন থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশের তদন্তে মামলা থেকে ৬ জন বাদ পড়েন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসের নাম আসামির তালিকায় রাখা হয়।

মামলাটি উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে হস্তান্তর করা হয়। মঙ্গলবার তিনি বরিশালের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

মামলার আইনজীবী কাজী এনায়েত হোসেন বলেন, বিচারক রাষ্ট্রপক্ষের কথা শোনেন এবং আসামির বয়স বিবেচনায় এনে তাকে জামিন দেন।

এ বিষয়ে মেজর হাফিজ বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন অবৈধভাবে ভোট কারচুপির মাধ্যমে হয়েছে। তারই অংশ হিসেবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তিনি কেবল একা নন, যার ধারাবাহিকতায় সাংবাদিকদের বিরুদ্ধেও এখন এই আইনে মামলা হচ্ছে।