বাংলাদেশের ক্রিকেটে তিন সংস্করণে এখন তিন অধিনায়ক। তবে কোনো ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্বে নেই কেউ। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাহমুদউল্লাহ রিয়াদের ডেপুটি হিসেবে থাকছেন না কেউ। বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) আসলে কাউকে সহ-অধিনায়ক করার পক্ষেই নয়।
মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘সহ-অধিনায়ক দেওয়ার কোনো পরিকল্পনাই নেই আমাদের।’
২০১৯ সালের অক্টোবরে সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞা পান। সেই সময় টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে ছিলেন তিনি। ওয়ানডেতে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজার ডেপুটি।
অন্যদিকে টেস্ট ও টি-টোয়েন্টিতে সাকিবের ডেপুটি ছিলেন যথাক্রমে মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল।
সাকিব নিষিদ্ধ হলে টেস্টে অধিনায়ক করা হয় মুমিনুল হককে। টি-টোয়েন্টির নেতৃত্ব পান মাহমুদউল্লাহ। ২০২০ সালের শুরুতে মাশরাফী ওয়ানডের নেতৃত্ব ছাড়লে অধিনায়ক হন তামিম ইকবাল। তবে এই তিন অধিনায়কের কেউই কোনো ‘ডেপুটি’ পাননি।
বিসিবি কেন এই অধিনায়কদের ‘ডেপুটি’ বা সহ-অধিনায়ক করছে না তার ব্যাখ্যা দিয়েছেন নাজমুল হাসান পাপন। তার কথায়, ‘কারণ বিশ্বকাপে আমাদের মাহমুদউল্লাহ আছে, এই দলে সাকিব আছে, মুশফিক আছে। ওদের তো আর সহ-অধিনায়ক করতে পারি না। এতগুলো সিনিয়র ক্রিকেটার থাকতে আমরা কেন খামাখা আরেকটা দায়িত্ব দিতে যাবে।’