মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কে কুকুরের গায়ে বিয়ের গাড়ি তুলে দেওয়ায় ঘটনাকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আদমপুরের আদকানী-পূর্বজালালপুর সড়কে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন আহতরা। আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত তৈয়ব উল্লাহর ছেলে সোয়াব আলী (৫৫), একই এলাকার তৌয়াব আলীর ছেলে ইসমাইল মিয়া (২১) ও গাড়ি চালক রজব আলী (৩০) ও রবি মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার আদমপুরের আধকানি এলাকার রশিদ মিয়ার ছেলে আমিন মিয়ার সঙ্গে বাঘমারার তৌয়াব মিয়ার মেয়ে শারমিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কনের বাড়ি থেকে বরের বাড়িতে দুটি গাড়ি নিয়ে ওয়ালিমায় যাওয়ার পথে বেলা দুটায় আদমপুরের জালালপুর এলাকায় সড়কের একপাশ থেকে অন্যপাশে একটি কুকুর দৌড় দিলে কুকুরের ওপর গাড়ির চাকা উঠে যায়। তবে কুকুরটি বেঁচে যায়। এ ঘটনায় হঠাৎ করে আধকানী এলাকার হান্নান, শামীম ও খতই মিয়া নামে তিনজনসহ নাম না জানা আরো কয়েকজন মিলে গাড়ি আটকিয়ে চালকদের জেরা করতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে হান্নান, শামীম ও খতই মিয়া দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এত গাড়ির দুই চালকসহ চারজন আহত হন। সড়কে এমন ঘটনা দেখে আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে যেতে বলেন।
এ ঘটনায় বক্তব্য নিতে হামলাকারী শামীমকে পাওয়া না গেলেও তার ভাই লতিফ খান বলেন, ‘এ ঘটনায় সুষ্ঠু বিচার করে দেওয়া হবে। তিনি চেষ্টা করছেন আহতদের দেখতে যাবেন।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ সিংহ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ও সোয়াব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। তবে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’