গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে কলাগাছ। স্কুলমাঠ দখল করতে কলাগাছ রোপণকারী ঠিকাদার উপেন্দ্রনাথ গত সোমবার রাতে গাছগুলো উঠিয়ে নিয়েছেন। এতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষার্থীরা আবার আগের মতো মাঠে খেলাধুলা করতে পারবে তাই খুবই আনন্দিত তারা।
বিদ্যালয়ের মাঠে কলাগাছ রোপণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। ওইদিন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বিদ্যালয়ের মাঠে গাছ রোপণকারী উপেন্দ্রনাথ ঠিকাদারকে পাঁচ দিন সময় দেন গাছগুলো উঠিয়ে ফেলার জন্য। পরে সোমবার রাতে বিদ্যালয়ের মাঠ থেকে কলাগাছগুলো উঠিয়ে ফেলেন তিনি।
নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলাম জানান, উপেন্দ্রনাথ ঠিকাদার নামের এক ব্যক্তি তার পৈতৃক সম্পত্তি দাবি করে বিদ্যালয়ের মাঠ দখল করতে কলাগাছ রোপণ করেন। তখন রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় মাঠটি বিদ্যালয়ের সম্পত্তি।
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খুললে শিক্ষক ও শিক্ষার্থীরা দেখতে পান মাঠে কলাগাছ রোপণ করা হয়েছে। পরে শিক্ষকরা খোঁজ নিয়ে জানতে পারেন স্থানীয় উপেন্দ্রনাথ ঠিকাদার নামে এক ব্যক্তি তার পৈতৃক সম্পত্তি দাবি করে স্কুলমাঠ দখল করতে গাছ লাগিয়ে চারপাশে বেড়া দিয়েছিলেন।