আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ এই পদ নিতে চাইবে না: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন কিছুদিন আগে বলেছিলেন, ডাক্তার তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন। আসছে বিসিবি নির্বাচনে সভাপতি পদে লড়বেন কিনা এমন প্রশ্নেই এ কথা বলেছিলেন তিনি। টানা দ্বিতীয় মেয়াদে বিসিবির শীর্ষ পদে থাকা এই সংগঠক এবার বললেন, তিনি চান নতুন কেউ সভাপতির দায়িত্বে আসুক। কিন্তু তার কাছে মনে হচ্ছে, তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ এই পদ নিতে চাইবে না।

অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। অতি নাটকীয় কিছু না হলে টানা তৃতীয় মেয়াদে নাজমুল হাসান পাপনের বিসিবি সভাপতি হওয়া নিশ্চিত। কিন্তু তার দাবি, এই দায়িত্বে আর থাকতে চান না তিনি।

মঙ্গলবার বিসিবির বর্তমান কমিটির শেষ সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেন, ‘আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে… আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদ নিতে চাইবে না। সবাই পরিচালক হতে চায় কিন্তু প্রেসিডেন্ট পদের কথা আসলে কেউ আগ্রহী হয় না।’

বিসিবি সভাপতি দাবি করেন, ‘আমি চাই আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক… এখন তো কেউ বলেও না।’

নতুন কেউ দায়িত্ব নিক সেই ইচ্ছা থেকেই এবারের নির্বাচনে প্যানেল দিচ্ছেন না বলে জানালেন পাপন। বলেন, ‘আমি এবার চাচ্ছি যে নতুন লোকের আসা উচিত। সে জন্য এবারই প্রথম আমার কোনো প্যানেল নেই। যে যেভাবে ইচ্ছা দাঁড়াতে পারে, নির্বাচন হবে এবং জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি আমি পরিচালক হিসেবে আসব। তখন আমাকে যদি কেউ বলে… আমি সভাপতি হতে চাই না। কিন্তু আমি সমর্থন দেওয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না।’