মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পানিতে পড়ে যাওয়া জীবিত শিশুকে মৃত ঘোষণা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে বাড়ি নিয়ে গেলে শিশুটি নড়েচড়ে উঠলে তাকে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে ভর্তি করা হয়নি। শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলে সেখানে যাওয়ার পথে শিশুটি মারা যায়।
এ ঘটনায় কমলগঞ্জ হাসপাতালের ইমার্জেন্সিতে শিশুটির স্বজন ও এলাকাবাসী উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি গতকাল বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঘটেছে।
জানা যায়, বুধবার সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মাসুক মিয়ার আড়াই বছর বয়সী শিশু আশরাফুল ইসলাম বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। সেখান থেকে শিশুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনিকা রানী সিনহা শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ নড়াচড়া করতে দেখা যায়। এরপর পুনরায় ওই হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি কিংবা চিকিৎসা না দিয়ে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।
এ ব্যাপারে চিকিৎসক কনিকা সিনহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে।