৪ থেকে ২৫ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এছাড়া, এ সময়ের মধ্যে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, মৎস্যজীবীদের স্বার্থেই মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ এবং অভিযান পরিচালনা করা হয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় যত কঠিন হওয়া লাগে, তত কঠিন হতে হবে। ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা গত বছরের তুলনায় অধিক সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

আগে প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রাখা হলেও গত চার বছর ধরে এই সময় সাত দিন বাড়িয়ে ২২ দিন করা হয়। সরকারের এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে।

চান্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে এ বছর আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে চার ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।