ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামে ধানক্ষেত দেখতে মাঠে বের হন কৃষকেরা।
এ সময় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাঁচা রাস্তার পাশে ধানক্ষেতে গলাকাটা অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
মরদেহটি দেখে গ্রামবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে বৃদ্ধকে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে গেছে।
এখনো নিহতের নামপরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।