আইসিসি দুর্নীতি বিরোধী নিয়ম ভেঙে অভিযুক্ত স্যামুয়েলস

আইসিসি’র দুর্নীতি বিরোধী আইনের চারটি নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার মারলন স্যামুয়েলস।

টি-টেন লিগ খেলার সময় নিয়ম ভঙ্গ করায় আইসিসির নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্যামুয়েলসের বিপক্ষে যে চারটি নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তা হলো—

• আর্টিকেল ২.৪.২— টুর্নামেন্ট চলাকালীন কোনো ব্যক্তির থেকে টাকা বা কোনো প্রকার উপহার পেলে আইসিসির দুর্নীতি দমন শাখাকে না জানানো।

• আর্টিকেল ২.৪.৬— দুর্নীতি দমন শাখার কর্মকর্তাকে তদন্তে সাহায্য না করা।

• আর্টিকেল ২.৪.৭— তদন্তে সহায়ক হতে পারে এমন নথি বা কিছুর সঠিক ব্যাখ্যা দিতে না পারা।

• আর্টিকেল ২.৪.৩— কোনো ব্যক্তির কাছ থেকে টাকা বা কোনো প্রকার উপহার পেলে আইসিসির দুর্নীতি দমন শাখার অফিসারকে না জানানো।

আচরণ বিধিভঙ্গের ২.৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জুয়াড়িদের কাছে থেকে ৭৫০ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি অর্থ নিয়েছেন স্যামুয়েলস।

এই অভিযোগের বিপক্ষে আবেদনের জন্য ২১ সেপ্টেম্বর থেকে এই ক্যারিবিয়ান তারকাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।