চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতার্খোদ্দ গ্রামের পশ্চিমে সাঙ্গু নদীপাড়ে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশ পঁচে যাওয়ায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরুষ না-কি মহিলার তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের রাতাখোর্দ্দ গ্রামের পশ্চিমে সাঙ্গু নদীর পাড়ে অর্ধগলিত একটা লাশ দেখতে পেয়ে স্থানীয় সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকাকে জানালে তিনি বৃহস্পতিবার বিকেলে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেন। পরে রামদাশ হাট পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত ফাঁড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে পোস্ট মার্ডামের ব্যবস্থা করলেও লাশটি পচেঁ যাওয়ার কারণে পুরুষ না-কি মহিলার তা নিশ্চিত করতে পারেনি।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান, লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। বৃহস্পতিবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের পোস্ট মার্ডামের জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বলে ব্যাটারি চালিত রিকশা চাপা পড়ে সাইফুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব এলাকার মোহাম্মদ রিদুয়ানের পুত্র সাইফুল ইসলাম (৭) একটি ব্যাটারি চালিত রিকশা চার্জ দেওয়ার সময় গাড়ির চাবিতে হাত দিলে গাড়িটি উল্টে তাকে চাপা দেয়। বৃহস্পতিবার বিকেলে সংঘটিত এ ঘটনায় আহত সাইফুলকে বাঁশখালী হাসপাতালে আনা হলে চিকিৎসক রাশেদুল করিম জানান, শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।