দাউদকান্দিতে নিষেধাজ্ঞা মানছে না ৩ ক্লিনিক

কুমিল্লার দাউদকান্দিতে বন্ধ রাখতে নির্দেশ দিলেও তা মানছে না তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

নানা অব্যবস্থাপনার অভিযোগে গত বুধবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে লিখিতভাবে উপজেলার মলয় বাজারের রেনেসাঁ মেডিকেল সেন্টার, সানল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টারসহ তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও সেগুলো অবাধে চলছে।

জানা যায়, এসব ক্লিনিকে বেশিরভাগ সময়েই চিকিৎসক থাকেন না। নেই প্রশিক্ষিত সেবক-সেবিকা ও প্যাথলজিস্ট। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রক্ত, মলমূত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করছেন অদক্ষ কর্মীরা। ফলে চিকিৎসাসেবা নিতে এসে গ্রামের সহজ-সরল মানুষ প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছেন। বুধবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম শোভন সরেজমিন পরিদর্শন করে সরকারি নীতিমালার শর্ত ভঙ্গ করায় তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধের লিখিত নির্দেশ প্রদান করেন।