ছেলেদের পাশাপাশি নারীরাও যাতে ভারতের মিলিটারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান, সরকারকে সে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
আদালতের এ আদেশকে ভারতের জন্য একটি মাইলফলক বর্ণনা করে নিউ ইয়র্ক টাইমস বলেছে, এর মধ্য দিয়ে ভারতীয় নারীদের সামনে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদগুলোয় যাওয়ার দুয়ার খুলতে যাচ্ছে।
ভারতে নারীদের সামরিক বাহিনীতে কর্মকর্তা হওয়ার সুযোগ আছে। তবে মিলিটারি অ্যাকাডেমিতে পড়ার সুযোগ না থাকায় সেনা, নৌ ও বিমানবাহিনীর নেতৃত্বের পদগুলোতে যাওয়ার সুযোগ তাদের নেই। আদালতের এ আদেশের ফলে আসছে নভেম্বরে ভারতীয় নারীরা প্রথমবারের মতো দেরাদুনে রাষ্ট্রীয় ভারতীয় মিলিটারি কলেজে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ভারতের সর্বোচ্চ এ সামরিক অ্যাকাডেমি থেকে ডিগ্রিধারীরাই পরে দেশটির তিন বাহিনীর কমান্ডিং পদে যান।