পর পর দুই ম্যাচ লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে মেসের পর এবার মঁপেলিয়ারের বিপক্ষেও দর্শক হয়ে থাকতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।
বাম হাঁটুতে চোট পাওয়ায় মেসের বিপক্ষে ছিটকে যান মেসি। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি এলএমটেন। ৩৪ বছর বয়সী তারকা লিগে লিওঁ’র বিপক্ষে ম্যাচে হাড়ে এই চোট পান।
লিঁওর বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সেই ম্যাচে ৭৫ মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। সেদিনই তার হাঁটুতে অস্বস্তি বোঝা গিয়েছিল। যদিও মেসি বেশ অসন্তুষ্ট ছিলেন তাকে তুলে নেওয়ায়।
এদিকে, বুধবার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়াই মেসের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পায় ফরাসি জায়ান্টরা। শুক্রবার দিবাগত রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মঁপেলিয়ারের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে পাচ্ছে না তারা।
বার্সেলোনা ছেড়ে আগস্টে দুই বছরের চুক্তিতে প্যারিসে এসেছেন মেসি। মঁপেলিয়ারের বিপক্ষে না থাকলেও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে মেসিকে। আগামী মঙ্গলবার সিটিজেনদের ঘরের মাঠে আতিথেয়তা দেবে পিএসজি।
ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে টানা সাত ম্যাচে সাত জয়ে শীর্ষে আছে পচেত্তিনোর দল।