এস এম সোলায়মান স্মরণ

নাট্য প্রদর্শনী ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয়েছে দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব প্রয়াত এস এম সোলায়মানকে।

শুক্রবার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘সোলায়মান স্মারকানুষ্ঠান’ আয়োজন করে থিয়েটার আর্ট ইউনিট।

স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। আলোচনায় অংশ নেন আমিনুর রহমান মুকুল ও ড. সাইদুর রহমান লিপন। সভাপতিত্ব করেন সেলিম মাহবুব। সঞ্চালনা করেন চন্দন রেজা ও ফেরদৌস আমিন বিপ্লব।

আয়োজকেরা জানান, ‘প্রতি বছর থিয়েটার আর্ট ইউনিট এস এম সোলায়মানের নামাঙ্কিত প্রণোদনা পুরস্কার দিয়ে থাকলেও এবার করোনা মহামারির কারণে সেটি দেওয়া সম্ভব হয়নি। ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এস এম সোলায়মান। মাত্র ৪৮ বছর বয়সে ২০০১ সালের ২২ সেপ্টেম্বর মারা যান তিনি। তার ২০তম প্রয়াণ এবং ৬৮তম জন্মদিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন।’

আলোচনা পর্বের পর সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় এস এম সোলায়মান রচিত নাটক ‘আমিনা সুন্দরী’। এটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।