শিল্পকলায় ডাকসুর বিজয় নাট্যোৎসব

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিন দিনের বিশেষ নাট্যোৎসব আয়োজন করেছে।

কাল বৃহস্পতিবার ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ ডিসেম্বর) ডাকসুর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে  ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ উৎসবের ঘোষণা দেন।

তিনি জানান, ডাকসুর সঙ্গে ঢাকা মহানগর নাট্য সংসদ, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয় এবং সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে এ উৎসব আয়োজন করছে। 

এবারের আসরের নাম রাখা হয়েছে ‘বিজয় থেকে বিজয়ে-নাট্যোৎসব ২০২৫’।

সংবাদ সম্মেলনে মোসাদ্দেক জানান, উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক নাটক মঞ্চে তোলা হবে। 

পাশাপাশি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান-এই দুই ঐতিহাসিক প্রেরণাকে একসূত্রে এনে একটি বিশেষ প্রযোজনাও দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। 

এতে মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং সাম্প্রতিক গণআন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি দেশের আরও কয়েকটি প্রতিষ্ঠিত নাট্যদল এ উৎসবে অংশ নেবে। 

প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে প্রদর্শনী শুরু হবে এবং তিনটি করে নাটক মঞ্চস্থ হবে। শুধু শুক্রবার চারটি নাটক মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত