গত বছর যুক্তরাষ্ট্রে শে^তাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে ফুটবল ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন ফুটবলাররা। তবে এ বিষয়টি কতটা কাজে দিচ্ছে তা বুঝতে পারছেন না রোমেলু লুকাকু। বর্ণবাদের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেওয়া সম্ভব বলে মনে করেন লুকাকু।
লুকাকুর চেলসি সতীর্থ মার্কোস আলোনসো বলেন, তিনি হাঁটু গেড়ে অবস্থান নেওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ, তার কাছে মনে হয়েছে এই পদক্ষেপটি কার্যক্ষমতা হারাচ্ছে। লুকাকুর কাছেও এই পদক্ষেপ খুব একটা কার্যকর মনে হচ্ছে না। ‘আমি মনে করি, আমরা আরও শক্ত অবস্থান নিতে পারি। হ্যাঁ, আমরা হাঁটু গেড়ে অবস্থান নিচ্ছি, সবাই হাততালি দিচ্ছে। কিন্তু প্রায়ই খেলার পরেই আরেকটি বর্ণবাদের ঘটনা দেখছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের ঘটনা বেশি ঘটছে। সেগুলো বন্ধের জন্য উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন দুই মৌসুম ইতালিয়ান লিগে খেলে পুনরায় ইংলিশ লিগে ফেরা লুকাকু ফুটবলারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, ‘প্রতিটি দলের অধিনায়ক এবং চার-পাঁচজন খেলোয়াড়, যারা প্রত্যেক দলের প্রধান ব্যক্তিত্ব, তাদের সঙ্গে ইনস্টাগ্রামের সিইও, সরকার এবং এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) ও পিএফএ’র (প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন) সিইওদের একটি বৈঠক করা উচিত। আমরা কীভাবে এটির (বর্ণবাদী আচরণের) বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে পারি তা নিয়ে আলোচনা করা উচিত। যদি কোনো কিছু বন্ধ করতে চান, সেটি অবশ্যই করতে হবে।’ ইন্টারনেট