নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে দাঁড়ানো ট্রাকে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার ভোরের দিকে ওই সড়কের নেত্রকোনার সদর উপজেলায় চল্লিশা ইউনিয়নের বাগড়া নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের সবুজ মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী রনি মিয়া (২০), তার চাচাতো ভাই জনি মিয়া (১৪); একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। পিকআপভ্যান চালক আবু চানের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা এলাকা থেকে মাছ ভর্তি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল।
ভোর আনুমানিক ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাগড়া নাম স্থানে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের সঙ্গে চলন্ত পিকআপভ্যানের ধাক্কা লাগে। এতে পিকআপভ্যান থাকা মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাতো ভাই জনি মিয়া ঘটনাস্থলে নিহত হন।
চালক আবু চানকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফি রহমান জানান, দুজনের মৃতদেহ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। একজনের লাশ ময়মনসিংহ হাসপাতালে রয়েছে। ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।