ইন্টারনেটের মাধ্যমে ভারতীয় এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাগেরহাটের এক তরুণীর (১৮)। প্রেমের টানে ভারতে পাড়ি জমানোর উদ্দেশ্যে সুদূর বাগেরহাট থেকে দিনাজপুরের হিলি সীমান্তে আসেন তিনি। কিন্তু পুলিশের কারণে প্রেমিকের কাছে তার এই যাত্রায় যাওয়া হলো না।
শুক্রবার দিবাগত রাতে হিলির একটি আবাসিক হোটেল থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। ওই তরুণীর পরিবারকে খবর দেয়া হয়েছে। ইতিমধ্যে পরিবারের লোকজন হিলির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা আসলে তাদের হাতে তরুণীকে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, বাগেরহাটের রামপাল এলাকার এক তরুণী ভারতের মালদহ এলাকার কিরণ নামের এক ছেলের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে তার বাবা-মার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হন। ভারতে সেই ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে তরুণী গতকাল শুক্রবার রাতে হিলিতে আসে।
পরে স্থানীয় একটি আবাসিক হোটেলে সে রাত্রিযাপনের জন্য উঠে। তার চিন্তা ছিল এই পথ দিয়ে তিনি ভারতের ওই ছেলের কাছে চলে যাবে। আমরা খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাকে ওই হোটেল থেকে উদ্ধার করি।