মেংয়ের মুক্তির পর ২ কানাডীয়কে ছাড়ল চীন

কানাডায় বন্দি চীনের টেলিকম জায়ান্ট প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) এবং চীনে বন্দি দুজন কানাডীয়র মুক্তির পর চীনের সঙ্গে কানাডার দীর্ঘদিনের কূটনৈতিক বিরোধের অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পরোয়ানায় গ্রেপ্তার হওয়া হুয়াওয়ের জ্যেষ্ঠ নির্বাহী মেং ওয়াংঝো যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে একটি চুক্তির পর শুক্রবার কানাডা ত্যাগ করেছেন। এর কয়েক ঘণ্টা পর গুপ্তচরবৃত্তির দায়ে একই বছর গ্রেপ্তার কানাডার দুই নাগরিক মাইকেল স্প্যাভর এবং মাইকেল কোভরিগকে মুক্তি দিয়েছে চীন। মেংয়ের গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে কানাডীয়দের আটকের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছে পেইচিং। কিন্তু সমালোচকরা চীন ওই দুজনকে আটকের পর রাজনৈতিক দর কষাকষির মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছেন। চীন থেকে মুক্তি পাওয়া ওই দুই কানাডীয় সব সময়ই নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছিলেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা দুজন অবিশ্বাস্য রকমের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন।

তিনি বলেন, ‘এটা আমাদের সবার জন্য ভালো সংবাদ যে, তারা দুজন এখন পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য বাড়ির পথে আছেন। গত এক হাজার দিন ধরে তারা দৃঢ়তা, অধ্যবসায়, সহনশীলতা এবং স্বাভাবিক আচরণ প্রদর্শন করেছেন।’