পটুয়াখালীর দুমকিতে জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে চলাচলের পথে বাঁশের বেড়া দিয়ে ৩ পরিবারকে ৫ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষ। অবশেষে গতকাল শনিবার সকালে পুলিশ গিয়ে বাঁশের বেড়া তুলে দিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে ওই তিন পরিবারকে মুক্ত করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুহুল আমীন সিকদার গংয়ের সঙ্গে একই বাড়ির বাসিন্দা খোকন মিনা গংয়ের জমিজমা নিয়ে পূর্ববিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রুহুল আমিন গং প্রতিপক্ষের বিরুদ্ধে পটুয়াখালীর সিভিল আদালতে একটি মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে খোকন মিনা গং গত ২১ সেপ্টেম্বর প্রতিপক্ষের তিন পরিবারের চলাচলের পথে বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়। প্রতিপক্ষের উগ্রমূর্তি, অশ্লীল গালাগাল ও অব্যাহত হুমকি-ধমকিতে রুহুল আমীন সিকদার, রহমান সিকদার ও মান্নান সিকদারের পরিবার প্রায় ৫ দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমীন সিকদারের স্ত্রী হাজেরা বেগম প্রতিপক্ষের দৃষ্টির আড়ালে শুক্রবার রাতে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দুমকি থানা পুলিশ গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া তুলে দিয়ে ওই তিন পরিবারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে খায়রুল মিনা হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কাউকে অবরুদ্ধ করে রাখিনি। আমাদের জায়গায় আমরা বেড়া দিয়েছি। উল্টো তারা পুলিশ দিয়ে হয়রানি করছে।’ দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সমস্যা সমাধানে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।