মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল শনিবার দুপুরে বিভিন্ন দাবিতে দলিত ও চা-জনগোষ্ঠীর জীবন চিত্র, আর্থসামাজিক উন্নয়ন ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের জেলা সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনিল কুমার মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দ মোহন সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহসভাপতি জিডিশন প্রধান সুচিয়াং।
সভায় কমলগঞ্জ উপজেলার দলিত ও চা জনগোষ্ঠীর পক্ষ থেকে যারা ভূমিহীন তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি খাস জমি বরাদ্দের উদ্যোগ গ্রহণ, সরকার প্রদত্ত জমি আছে ঘর নাই প্রকল্পে দলিত শ্রেণির অগ্রাধিকার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ, বেকারত্ব দূরীকরণে এ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থা, ভাষা সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় উপজেলায় একটি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।