বাসররাতে একই ঘরে কনের সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরা। এ নিয়ে মনোমালিন্যের জেরে রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বর বাবুল হোসেন (১৯)। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া গ্রামে। মৃত বাবুল ওই গ্রামের মো. সফিজুল ইসলামের ছেলে। তবে আত্মহত্যার স্থানসহ নানা অসংগতির কারণে এটি আত্মহত্যা না হত্যা, এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে জেলার বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের সবারউদ্দিনের মেয়ে সাবিনা বেগমের সঙ্গে বাবুলের বিয়ে হয়। বিয়ে করে কনেকে নিজ বাড়িতে নিয়ে আসে বাবুল। রাতে বর, কনে, ছেলের ভগ্নিপতি হুসেন আলী, মেয়ের দাদি সামসুন্নাহার ও দুটি বাচ্চা একই ঘরে ছিল। বাসররাতে ঘরে অন্যদের থাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাবুলের মনোমালিন্য হয়। রাতের কোনো একসময় বাবুল রান্নাঘরের বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেন।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল ও বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।