মারাত্মকভাবে হাঁটুর চোটে পড়ার ১০ মাস পর মাঠে ফিরছেন আনসু ফাতি। রবিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচের জন্য বার্সেলোনার স্কোয়াডে ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে রেখেছেন কোচ রোনাল্ড কোম্যান।
গত আগস্টে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে দুই বছরের চু্ক্তি করেন লিওনেল মেসি। রোনালদিনহো ক্যাম্প ন্যু ছাড়ার পর তার ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হয়েছিলেন এমএমটেন।
এবার বার্সায় মেসির ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হলেন ফাতি। এই স্প্যানিশ ফরোয়ার্ডকে ৩১ নম্বর জার্সিতেও দেখা গেছে আগে।
লেভান্তের বিপক্ষে ম্যাচের আগে ডাচ কোচ সংবাদ সম্মেলনে জানান, সর্বোচ্চ ১৫ মিনিট খেলবেন ফাতি।
তবে বার্সা স্কোয়াডে নেই ফ্রাঙ্কি ডি ইয়ং। এর আগের ম্যাচে কাদিজের বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ডাচ মিডফিল্ডার। সেই সঙ্গে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে আজকের ম্যাচে বার্সার ডাগআউটে দাঁড়াবেন না কোচ কোম্যানও। কাদিজের বিপক্ষে লাল কার্ড দেখে তিনি নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচ।
তবে লেভান্তের বিপক্ষে ডি ইয়ংয়ের পরিবর্তে মাঠে দেখা যেতে পারে ১৭ বছর বয়সী গাভিকে। এছাড়া চোটের কারণে বার্সার স্কোয়াডে নেই ওসমানে দেম্বেলে, পেদ্রি, জর্দি আলবা, সার্জিও আগুয়েরো, আলেহান্দ্রো বালদে ও মার্টিন ব্রাথওয়েট।
লেভান্তের বিপক্ষে বার্সেলোনা স্কোয়াড
গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগান, নেতো, ইনাকি পেনা
ডিফেন্ডার: সের্জিনো দেস্ত, জেরার্ড পিকে, রোনাল্ড আরাওহো, ক্লেঁমে লংলে, অস্কার মিঙ্গুয়েজা, স্যামুয়েল উমতিতি, এরিক গার্সিয়া
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রিকি পুইগ, ফিলিপ্পে কুতিনহো, সের্গি রবার্তো, নিকো গঞ্জালেস, গাবি
ফরোয়ার্ড: মেমফিস ডিপে, আনসু ফাতি, ইউসুফ দেমির, লুক ডি ইয়ং