জমি দখল ও নির্যাতনের অভিযোগে এনে আপন ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বড় বোন মনোয়ারা আক্তার নামে এক নারী।
তিনি রবিবার দুপুর ১২টার দিকে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।
ঘটনাটি কিশোরগঞ্জ পৌর শহরের আলোর মেলা এলাকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোয়ারা জানান, তার বাবা শফিউদ্দিন শিকদার একজন সরকারি চিকিৎসক ছিলেন। তার চার মেয়ে ও দুই ছেলের মধ্যে মনোয়ারা বড়। এর মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বেলজিয়াম প্রবাসী। তাদের বাবা জীবিত থাকাবস্থায় সাড়ে ১৬ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি ছোট ছেলে মাজেদুল ইসলামকে ২০০৬ সালে হেবা দলিল মূলে হস্তান্তর করেন।
২০১৮ সালে ওই ৮ শতাংশ জমি ছোট ভাইয়ের কাছ থেকে দলিলমূলে কিনে নেন তিনি।
বর্তমানে এ জায়গায় বাড়ি নির্মাণ করে স্বামী সন্তানসহ বাস করে আসছেন মনোয়ারা।
তিনি অভিযোগ তোলেন, বাবা জীবিত থাকা অবস্থায় তার দুই ভাই বিভিন্নভাবে তাদের নির্যাতন ও জমি দখলের পাঁয়তারা করে আসছেন। বাবার মৃত্যুর পর তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তার দুই ভাই দেশে অবস্থান করা ছোট ভাই মাসুদল হক শিকদার বেলজিয়ামে থাকার অপর ভাই মাজেদুল হক শিকদারে ইন্ধনে তার আড়াই শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে।
বাকি জায়গাটুকুও দখলের জন্য অত্যাচার নির্যাতন, সন্ত্রাসী লেলিয়ে দেওয়াসহ নানানভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এমনকি মিথ্যা মামলা দিয়ে তিনি ও তার ছেলে বউকে হাজত কাটিয়েছেন। হাজতে থাকাবস্থায় তার বাসার সকল মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতার কথা বলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বোন মনোয়ারা ছোট ভাই মাজেদুলের জমি জোরপূর্বক দখল করেছে। বোনের অত্যাচারে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি বলে জানান।