অনলাইনে কোরবানির গরু কিনে বাণিজ্যমন্ত্রীর তিক্ত অভিজ্ঞতা

দুই বছর আগে অনলাইনে কোরবানির গরু কিনে তিক্ত অভিজ্ঞতা সম্মুখীন হয়েছিলেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত 'প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ অভিজ্ঞতার কথা জানান।

দুই বছর আগে এক লাখ টাকায় অনলাইনে কোরবানির গরুর ক্রয় আদেশ দিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘গরু কিনতে টাকা দিলাম এক লাখ। কিন্তু পরে শুনলাম এটা অন্যের কাছে বিক্রি হয়ে গেছে।’

তিনি বলেন, ‘ভাবলাম, আমার সঙ্গেই এমন হচ্ছে! পরে আরেকটা গরু দেখাল যার দাম ৮৭ হাজার টাকা। বাকি টাকায় একটা খাসিও দিল।’ তবে এমন অবস্থা এখন আর নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী।

কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সংস্থাটির তিন সদস্য জি এম সালেহ উদ্দিন, এ এফ এম মনজুর কাদির ও নাসরিন বেগম এবং আইন পরামর্শক মাফরুহা মারফি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডেসটিনি ও যুবকের অনেক সম্পদ রয়েছে। সম্পদগুলোর দামও বেড়েছে অনেক। ন্যায্যমূল্যে বিক্রি করলেও যে টাকা পাওয়া যাবে তা দিয়ে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেওয়া যাবে।

ই-কমার্স খাত নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাতটি এগিয়ে যাচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠানকে আমরা বিপদে ফেলতে পারি না।’