দিনাজপুর জেলায় আশ্রয়ণ প্রকল্পের ৭৮৮৯ ঘর নির্মাণ সুষ্ঠুভাবে সম্পন্ন

দিনাজপুরের জেলার ১৩ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৭৮৮৯ ঘর নির্মাণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এসব ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে সমাজের অবহেলিত ব্যক্তিরা রঙিন স্বপ্নের বীজ বুনছেন।

রোববার দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এসব ঘর নির্মাণের তথ্য নিশ্চিত করেন।

বিরামপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় ৪৬৫টি ঘর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া জেলায় প্রথম পর্বে ৪৭৬৪টি এবং দ্বিতীয় পর্বে ৩১২৫টি ঘর নির্মাণ করা হয়েছে।

সরেজমিনে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই নিরাপদে বসবাস করছেন। মাথা গোঁজার নিরাপদ ঠাঁই পেয়ে জীবনের শেষ সায়াহ্নে এসেছে প্রশান্তির পরশ।

হিলির বোয়ালদাড়ের পলিবটতলি গ্রামের গোলে নূর বেওয়া জানান, যেখানে মাথা গোঁজার মতো এক টুকরো জমি ছিল না। পাকা ঘর ছিল, তাদের স্বপ্নের মতো। পাকা ঘর পেয়ে তার সব কষ্টের অবসান হয়েছে।

বিরামপুরে বুচকি গ্রামে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার জানায়, বাপ-দাদার চৌদ্দ পুরুষ থেকে তারা ভূমিহীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে তারা পরিবার নিয়ে নিজেদের একটি ঠিকানা পেয়েছেন।

বিরামপুর ও হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম জানান, জেলা প্রশাসনের নেতৃত্বে  উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে যথাযথভাবে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, প্রধানমন্ত্রী তাদের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের যে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা যথাযথভাবে পালন করে সততা ও বিশ্বস্ততার সঙ্গে প্রতিটি গৃহহীনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান এবং ঘর বরাদ্দ পাওয়া ব্যক্তিদের প্রত্যক্ষ তদারকিতে এসব ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি জানান, মুজিব বর্ষে এ পর্যন্ত জেলায় ৭৮৮৯টি ঘরের নির্মাণকাজ যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রণালয় থেকে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারদের বরাবর বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে মনিটরিং টিম জেলার ১৩ উপজেলার নির্বাহী অফিসার সংশ্লিষ্ট উপজেলা  প্রকৌশলী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সমন্বয়ে অত্যন্ত সততার সঙ্গে ৭৮৮৯টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিদর্শন দলসহ সব পরিদর্শনে এ চিত্র ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ টিমসহ সংশ্লিষ্ট টিম দিনাজপুরের আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণকাজের তদারকি করে সন্তোষ প্রকাশ করেছেন।