সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে ছাত্রীর মাকে ধর্ষণের অভিযোগে রুবেল রানা (২২) নামে এক গৃহশিক্ষককে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। শনিবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত রুবেল রানা একই গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র।
শনিবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূ নিজেই বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই মো. সাহেব গণি বলেন, গত শনিবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূ নিজেই বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরপরই মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়।
তিনি আরও বলেন, পঞ্চক্রোশী ইউনিয়নের এক প্রবাসীর মেয়েকে একই এলাকার বাসিন্দা ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র রুবেল রানা প্রাইভেট পড়াতেন। এ অবস্থায় রুবেল ওই ছাত্রীর মাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তার মেয়েকে রুবেলের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়িতে একা পেয়ে রুবেল বাদীর ঘরে ঢুকে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
জানা যায়, এ সময় বাদীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।