জাদেজার শেষের ঝড়ে চেন্নাইয়ের রোমাঞ্চকর জয়

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। যে জয়ের নায়ক রবীন্দ্র জাদেজা। বার কয়েক রং বদলের ম্যাচে তার ৮ বলে ২২ রানের ইনিংসই গড়ে দেয় ব্যবধান। ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই।

রবিবার আবুধাবিতে দিনের প্রথম ম্যাচে ১৭২ রানের লক্ষ্যে খেলতে নানা চেন্নাইয়ের শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ২৬ রান। ১৯তম ওভারে টানা চার বলে দুটি করে চার ও ছক্কায় ম্যাচ মুঠোতে নিয়ে আসেন জাদেজা।

যদিও শেষ ওভারে নাটক হয়েছে। প্রথম বলেই স্যাম কারেনকে তুলে নিয়ে নাটকের আভাস নেন সুনিল নারিন। তৃতীয় বলে শার্দুল ঠাকুর ৩ রান নিয়ে স্কোর লেভেল করেন। তবে চতুর্থ বল ডট যাওয়ার পর পঞ্চম বলে জাদেজা এলবিডব্লিউ হন। ফলে শেষ বলে নির্ধারণ হয় ম্যাচের ফল। দীপক হুদা এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট তদের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে দিল্লি ক্যাপিটালস। এই দুই দলের প্লে-অফ খেলা কার্যত নিশ্চিত। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় ধাপ শুরুর পর টানা দুই জয় পেয়েছিল কলকাতা। তৃতীয় ম্যাচে হার মানল দলটি। টেবিলে দলটির অবস্থান চতুর্থ। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে প্লে-অফের দৌড়ে আছে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সও।

টস জিতে ব্যাট করতে নামা কলকাতা রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা ও দিনেশ কার্তিকের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। তিনে নামা ত্রিপাঠি ৩৩ বলে ৪৫, নিতিশ ২৭ বলে অপরাজিত ৩৭, দিনেশ কার্তিক ১১ বলে ২৬ রান করেন। আন্দ্রে রাসেল ১৫ বলে ২০ রান করেন। চেন্নাইয়ের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজলউড ও শার্দুল ঠাকুর।

লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। ঋতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসি উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৭৪ রান। নবম ওভারে ঋতুরাজকে ফেরান আন্দ্রে রাসেল। ২৮ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন ঋতুরাজ। ১২তম ওভারে ফেরেন ডু প্লেসি। ৩০ বলে ৭ চারে ৪৩ রান করেন তিনি।

শেষ ২১ বলে ৭ উইকেট হাতে নিয়ে ৩৪ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। কিন্তু মাত্র ৬ বলের মধ্যে মইন আলি (২৮ বলে ৩২), সুরেশ রায়না (৭ বলে ১১) ও মহেন্দ্র সিং ধোনি (৪ বলে ১) ফিরে গেলে চাপে পড়ে চেন্নাই। কলকাতারও সম্ভাবনা তৈরি হয়। তবে জাদেজার ওই ব্যাটিংটাই জয় এনে দেয় চেন্নাইকে।

বল হাতেও ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ১ উইকেট নেন জাদেজা। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরাও হয়েছেন তিনি।