পাকিস্তান সফর বাতিলে মরগানদের মত নেওয়া হয়নি

সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের। সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেটারদের সঙ্গেও কোনো আলোচনা করেনি ইসিবি। টিম ইংল্যান্ড প্লেয়ার্স পার্টনারশিপের (টিইপিপি) চেয়ারম্যান রিচার্ড বেভান ক্রিকেট সাইট ক্রিকইনফোতে লেখা কলামে এই দাবি করেছেন, ‘ইসিবি পাকিস্তান সফর বাতিলের ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে সামান্যতম আলোচনাও করেনি। তারা সিদ্ধান্ত নিয়েছে একতরফাভাবে।’ টিইপিপি চেয়ারম্যান আরও লিখেছেন, ‘আমরা কখনোই ইসিবিকে বলিনি যে ক্রিকেটাররা পাকিস্তান সফরে রাজি নয়। ইসিবিও কখনোই ক্রিকেটার কিংবা টিইপিপির সঙ্গে সফর বাতিল করা নিয়ে আলোচনা করেনি। পাকিস্তান সফর বাতিলের ব্যাপারে ইসিবি ক্রিকেটারদের দ্বারা প্রভাবিত হয়েছে- এটা পুরোপুরি ভুল।’