গৌরনদীতে স্কুলছাত্রী হত্যা

পাঁচ বছর পর বিমানবন্দরে আসামি গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তার (১৪) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি আজাদ হোসেন কালুকে (২৯) পাঁচ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজাদ হোসেন কালু গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার এসআই কে এম আবদুল হক জানান, ২০১৬ সালে স্কুলছাত্রী কবিতা হত্যার পর লিবিয়ায় পালিয়ে যায় আসামি আজাদ হোসেন কালু। শনিবার সকালে লিবিয়া থেকে দেশে ফিরে সে। বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গৌরনদী থানায় যোগাযোগ করা হলে ওই দিনই বিমানবন্দর থেকে কালুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল সকালে কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।