নদী সচল না থাকলে সব কিছুরই ছন্দপতন ঘটবে। নদী আমাদের সার্বিক পরিবেশ- প্রতিবেশ, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, পরিবহন বিনোদন ইত্যাদি সব কিছুরই উৎস। কিন্তু দিন দিন আমাদের নদীগুলো বিপন্ন হয়ে পড়েছে। খোয়াই, সুতাং নদীসহ জেলার সব নদীর ওপর চলছে নানামুখী অত্যাচার। একদিকে নদীর বুক থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন, নদী দখল অন্যদিকে শিল্পকারখানার বর্জ্য নিক্ষেপের কারণে অস্তিত্ব হারাচ্ছে নদী।
গতকাল রবিবার ‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার খোয়াই নদীতে আয়োজিত ‘নদী পরিভ্রমণ’ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, বহু বছর ধরেই খোয়াই নদীর নাব্য বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নদী খনন না হওয়ায় পলি ও বালু জমে নদীর তলদেশ ভরে গেছে। যথাযথভাবে নদী খনন করে খোয়াই নদীর গতিপথ অবারিত রাখা, জেলার সব নদীরক্ষায় বিভিন্ন দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে খোয়াই মুখ এলাকা থেকে মশাজান পর্যন্ত নদী পরিভ্রমণ করেন আয়োজকরা।