করোনা: ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা না তোলায় চীনের ওপর চটেছে দিল্লি

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে হাজার হাজার ভারতীয়র চীনে প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে বেইজিং।

চীনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ নয়াদিল্লি বলেছে, এই সিদ্ধান্ত ‘অবৈজ্ঞানিক’।

আনন্দবাজার জানায়, চীনে ২৩ হাজারের বেশি ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়তে যান। তা ছাড়া কয়েকশ’ ভারতীয় ব্যবসায়ীও পরিবার নিয়ে সে দেশে থাকেন।

গত ২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেই তারা দেশে ফিরেছিলেন। তারপর থেকে ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে চীন। ভারতীয়দের ভিসা দেওয়াও বন্ধ করেছে তারা।

এই বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর চীন সরকারের সঙ্গে কথা বলেন সেখানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরী।

তিনি বলেন, ‘দেড় বছরের বেশি সময় ধরে ভারতীয়দের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। এই সময় এই ধরনের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক।’

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ছাত্রছাত্রী ও ব্যবসায়ী সেখানে যেতে পারছেন না। মানবিকতার খাতিরে নিজেদের সিদ্ধান্ত বদল করা উচিত চীনের।’

চলতি মাসেই বিদেশি নাগরিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা সরানোর বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, তারা এই বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বেইজিং।

সম্প্রতি চীনের কয়েকটি প্রদেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়ে। এ জন্য অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে ব্যাপক তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ।