সাভারের বিরুলিয়া এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তারা কারখানাটির সামনে ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। শ্রমিকেরা জানিয়েছে, কোনো মাসেই আন্দোলন ছাড়া বেতন দেয় না কারখানা কর্তৃপক্ষ।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শামস্ ওয়াশিং লিমিটেড কারখানার শ্রমিকেরা।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, ওই কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করেন। প্রতি মাসে বেতনের সময় কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়ে টালবাহানা করেন। কোনো মাসেই আন্দোলন ছাড়া বেতন দেয় না কারখানা কর্তৃপক্ষ।
তারা আরও জানায়, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসসহ চলতি মাসের বেতন বকেয়া রেখেছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন গত ১৫ সেপ্টেম্বর দেওয়ার কথা থাকলেও তারা বেতন শুধু পরিশোধের তারিখ পরিবর্তন করতে থাকেন। সর্বশেষ গতকাল ২৬ সেপ্টেম্বর বেতন প্রদানের কথা ছিল। কিন্তু গতকালও কারখানার কর্মকর্তারা কারখানায় আসেনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
কারখানার শ্রমিক আহসান উল্লাহ বলেন, এই কারখানায় চাকরি করে প্রতি মাসে বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পেরে তাদের কথা শুনতে হয়। দোকান মালিক বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি।
অপর শ্রমিক পরিতোষ বলেন, কারখানা কর্তৃপক্ষ প্রতি মাসেই টালবাহানা করে। বেতন প্রদান করে না। সঠিক সময়ে বেতন না পেয়ে আমাদের ঋণের বোঝা ভারী হয়েছে। বাচ্চার জন্য খাবার কিনতে পারছি না। বাড়িতে বৃদ্ধ বাবা মাকেও কোনোরকম সহযোগিতা করতে পারছি না। আমরা খুব দুরবস্থার মধ্য দিয়ে দিন পার করছি।
এ ব্যাপারে কারখানার ম্যানেজার মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খুব দ্রুতই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।