বিশ্ব ক্রিকেটকে চিন্তিত করে হার্ট অ্যাটাকের জেরে হাসপাতালে ভর্তি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার।
মঙ্গলবার টুইট বার্তায় শচিন লিখেন, ‘ইনজামাম তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। তুমি সব সময়ই শান্ত স্বভাবের হলেও তীব্র প্রতিদ্বন্দ্বী এবং মাঠে অত্যন্ত লড়াকু ছিলে। আশা করছি এই পরিস্থিতি থেকেও তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’
তিন দিন ধরে বুকে ব্যথা অনুভব করার পর প্রথমে টেস্টে ধরা না পড়লেও পরে দেখা যায় পাকিস্তান কিংবদন্তির হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত হাসপাতালে নেওয়া হয় পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে। জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করা হয়। লাহোরের হাসপাতালে এখন স্থিতিশীল আছেন পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন।