সাতক্ষীরায় টিকাকেন্দ্রে টিকা দেওয়ার সময় স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে সাতক্ষীরার একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি ইয়ারবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, ঝাউডাঙা অস্থায়ী টিকাকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় সাংবাদিক ইয়ারব হোসেন সকালে সেখানে গিয়ে একই টিকা পাঁচজনের দেহে পুশ করার ঘটনায় আপত্তি করেন। এ নিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তার ঝগড়া হয়। তিনি স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামকে চড়থাপ্পড় মারেন এবং ভাংচুর করেন। এই অভিযোগে দুপুরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, তিনি খবরটি শুনেছেন। টিকাকেন্দ্রের এই ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছিল। তবে তাকে আটকের বিষয় সম্পর্কে কিছু জানা নেই।
তিনি বলেন, একটি টিকা ৫ জনকে দেওয়ার নিয়ম রয়েছে। এটা কোনো অব্যবস্থাপনা নয়।
ইয়ারব হোসেন বলেন, ফুলিয়ে-ফাঁপিয়ে মামলা করে পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। মারধরের ঘটনা ঘটেনি।
স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম জানান, সকালে একটি করোনা প্রতিরোধক টিকার ভয়েল থেকে নিয়ম অনুযায়ী পাঁচজনকে টিকা দেওয়ার সময় হঠাৎ করে আমাকে মারধর ও তাণ্ডব শুরু করে ইয়ারব।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, একটি টিকা পাঁচজনকে দিতে হয়। সেটি না জানলে বিনয়ের সঙ্গে জেনে নিতে হয়। স্বাস্থ্যকর্মীকে মারধর ও হাঙ্গামা করাটা দুঃখজনক। স্বাস্থ্য বিভাগকে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।