সারা দেশে এক দিনের গণটিকার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গতকাল মঙ্গলবার সিনোফার্মের টিকার ৭৫ লাখ প্রথম ডোজ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও স্বাস্থ্য অধিদপ্তর দিতে পেরেছে ৬৫ লাখ ৬৯ হাজার ৭৮২ ডোজ। অর্থাৎ ৯ লাখ ৩০ হাজার ২১৮ ডোজ টিকা দেওয়া সম্ভব হয়নি। গতকাল রাত ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো টিকাদানের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
গণটিকাদান কর্মসূচি চালাতে গিয়ে গতকাল সাধারণ টিকাদানের সংখ্যাও কমেছে। আগের দিন সোমবারের তুলনায় গতকাল তিন ধরনের টিকার মধ্যে দুই ধরনের টিকা কম দিয়েছে অধিদপ্তর। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ৩২ হাজার ৬ ডোজ ও মডার্নার কমেছে ২ হাজার ৪৬১ ডোজ। তবে ফাইজারের টিকা আগের দিনের তুলনায় ১ হাজার ৪২০ ডোজ বেশি দেওয়া হয়েছে।
গণটিকাদান কর্মসূচিসহ এ নিয়ে গতকাল পর্যন্ত মোট টিকা দেওয়া হলো ৪ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ। এর মধ্যে সম্পূর্ণ টিকা পেয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন মানুষ। আর এক ডোজ পেয়েছে ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন। সে হিসাবে এক দিনের গণটিকার মধ্য দিয়ে ৫ কোটি টিকার লক্ষ্যমাত্রাও পূরণ হলো না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল সরকার এক দিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচি পালন করে। রাজধানীসহ দেশের সব উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও সিটি করপোরেশন এলাকায় এই টিকা দেওয়া হয়। বিভিন্ন টিকাদান কেন্দ্রে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবীসহ প্রায় ৮০ হাজার কর্মী এই টিকাদানে যুক্ত ছিলেন।
সকাল থেকে সারা দেশে গণটিকা কর্মসূচি চলে। বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ছিল। বেশ উৎসাহ নিয়ে মানুষ টিকা নিতে আসেন। রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে টিকা দেওয়া হয়। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও টিকা পায় মানুষ।
রাজধানীর ধানম-ির একটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশিদ আলমসহ অন্য কর্মকর্তারা। পরিদর্শন শেষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণমাধ্যমকে বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে। এই কর্মসূচি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২৮ হাজার ৭০২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৮৭৫ জন পুরুষ ও ১২ হাজার ৮২৭ জন নারী এ টিকা নিয়েছেন। করপোরেশনের ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম চলে।