প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল মঙ্গলবার। এ উপলক্ষে বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশে দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ডোজের বেশি করোনাভাইরাসের টিকা।
এর আগে গত ৮ আগস্ট শুরু হওয়া গণ টিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা নিয়েছিলেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।
মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এদিন সকাল ৯টা থেকে শুরু এ বিশেষ টিকাদান কার্যক্রম চলে দিনভর। এর বাইরে নিয়মিত টিকা কর্মসূচিতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন।
মঙ্গলবার সব মিলিয়ে দেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯২২ ডোজ টিকার প্রয়োগ হয়েছে, বাংলাদেশে একদিনে করোনাভাইরাসের টিকাদানের এটাই রেকর্ড।
সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে তিন কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।
মঙ্গলবার ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন নারী এবং ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন পুরুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন।
এদের মধ্যে প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৭৮২ ডোজ। এ ছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩৯ হাজার ১১১, ফাইজারের ১১ হাজার ২৮৭ ও মডার্নার ৪ হাজার ৯৪৩ ডোজ টিকা দেওয়া হয়।
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন