সালাহ-ফিরমিনো-মানের হাতে বিধ্বস্ত পোর্তো

ফুটবল বিশ্বের আক্রমণভাগের সবচেয়ে ভয়ংকর ত্রয়ী—মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানে। এই তিন তারকা জ্বলে উঠলে পরিস্থিতি কেমন হতে পারে, তা ভালোভাবেই জানে প্রতিপক্ষ।

এবার তা হাড়ে হাড়ে টের পেল পোর্তো। পর্তুগিজ ক্লাবটিকে তাদেরই মাঠ স্তাদিও দো দ্রাগাওতে উড়িয়ে দিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেন সালাহ ও ফিরমিনো। বাকি গোলটি করেন মানে।

পোর্তোর বিপক্ষে এর আগের সাক্ষাতেও জয় পেয়েছিল লিভারপুল। ২০১৮-১৯ মৌসুমে দুইবারের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের ৪-১ গোলে হারায় অলরেডরা। এবার ফের সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনল ইউর্গেন ক্লপের দল।

১৮তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ৪৫তম মিনিটে জেমস মিলনারের পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মানে। অভিজ্ঞদের পাশাপাশি পোর্তোর মাঠে আলো ছড়িয়েছেন তরুণ তারকা কার্টিস জোন্স।

ইতোমধ্যে কোচ ক্লপের মন জিতে নেওয়া ২১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। তার একটি ৬০তম মিনিটে সালাহকে দিয়ে। ৭৭তম মিনিটে জোন্সের পাস থেকে নিজর প্রথম গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা ফিরমিনো। তার আগে ৭৪তম মিনিটে ভিয়েইরার পাসে পোর্তোর হয়ে একটি গোল শোধ করেন তারেমি।  ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো দলের শেষ গোলটি করেন ৮১তম মিনিটে।

লিভারপুল এই ম্যাচে মাঠে নামে কালো আর্মব্যান্ড পরে। ম্যাচের আগে ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী রজার হান্টের মৃত্যু সংবাদ পায় অলরেডরা। হান্ট ছিলেন অ্যানফিল্ডের ইতিহাসের অন্যতম তারকা। ক্যারিয়ারের অধিকাংশ সময় লিভারপুলের হয়ে খেলেছেন তিনি।

এই জয়ে ডেথ গ্রুপ ‘বি’তে শতাংশ জয়ের ধারা ধরে রাখল ছয়বারের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক পয়েন্ট নিয়ে পোর্তো তিনে।

গ্রুপের আরেক ম্যাচে এসি মিলানের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পাওয়া অ্যাতলেতিকো মাদ্রিদ ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। এখনো পয়েন্টের খাতা খুলতে না পার মিলান সবার শেষে।