পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের পদত্যাগ

পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী অফিসার (সিইও) ওয়াসিম খান।

খবরটি নিশ্চিত করেছে বোর্ড। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে পিসিবি জানায়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ নিশ্চিত করছে যে, প্রধান নির্বাহী হিসেবে ওয়াসিম খান পদত্যাগ করেছেন।’  

মেয়াদ শেষ হওয়ার চার মাস আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন ওয়াসিম খান। ২০১৯ সালে তিন বছরের চুক্তিতে পিসিবির সিইও পদে আসীন হন তিনি। ওয়াসিম খানের আকস্মিক পদত্যাগের বিষয়ে আলোচনা করতে বুধবার বোর্ড অব ডিরেক্টরদের একটি বৈঠকের আয়োজন করেছেন পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে ওয়াসিম খানের পদত্যাগ আরেকটি বড় ধাক্কা। এর আগে পদত্যাগ করেন জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।

এই মাসের শুরুতে প্রধানমন্ত্রী ইমরান খানের পৃষ্ঠপোষকতায় পিসিবি প্রধানের দায়িত্ব নেন রমিজ রাজা। কিন্তু শুরুতেই তার জন্য ধাক্কা হয়ে আসে নিউজিল্যান্ডের সফর বাতিল করার বিষয়টি। এমনিতে অশান্ত সময় যাচ্ছে পিসিবিতে। তার মধ্যে পদত্যাগ করলেন ৫০ বছর বয়সী ওয়াসিম খান।