সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত আহম্মেদ সবুজকে (৩৪) মঙ্গলবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তারা জুনায়েতের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানায়।

গ্রেপ্তার জুনায়েত শহরের ভাঙ্গাবাড়ি-সয়াগোবিন্দ মহল্লার মৃত শাহজাহান আলীর ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার বলেন, সবুজকে গ্রেপ্তারের সময় তার কাছে থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আটটি মামলা বিচারাধীন রয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক খান হাসান এক বিবৃতিতে এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

তিনি অস্ত্র উদ্ধারকে 'ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক' উল্লেখ করে গ্রেপ্তার জেলা ছাত্রদল সভাপতি জুনায়েতের মুক্তি দাবি করেন।