আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে গতকাল বুধবার ‘জনস্বাস্থ্য সংকটে নাগরিকের তথ্য অধিকার’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভা (ওয়েবিনার) আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিন’। বিশ^বিদ্যালয়ের শিক্ষক-গবেষক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, তথ্য ও মানবাধিকারকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে ওয়েবিনারে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অফিস অব ফ্যাকাল্টি রিসার্চের অধ্যাপক ও পরিচালক ড. দীন এম সুমন রহমান প্রমুখ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, ‘তথ্যের অধিকার একটি মৌলিক মানবাধিকার এবং জনস্বাস্থ্য সংকটে সঠিক তথ্যের প্রয়োজনও সবচেয়ে বেশি। জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির এবং প্রকৃত অবস্থার তথ্য মানুষের কাছে লুকানো যাবে না।