সাফ চ্যাম্পিয়নশিপের জন্য মঙ্গলবার মালদ্বীপ পৌঁছে বুধবারই অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালের হেনভেইরু ট্রেনিং মাঠে প্রথম দিনের অনুশীলন সেরেছে অস্কার ব্রুজোনের দল।
এর আগে মালদ্বীপ পৌঁছেই করোনা পরীক্ষার নমুনা দিয়েছিল বাংলাদেশ দলের সব ফুটবলার। যাদের সবার পরীক্ষার ফলই নেগেটিভ আসে।
বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ভিডিও বার্তায় জানিয়েছেন, স্কোয়াডের ২৩ জনের মধ্যে সোহেল রানা হালকা জ্বর থাকায় অনুশীলন করেননি। সোহেলকে ডাক্তার দেখানো হয়েছে। এই মিডফিল্ডার দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন রুপু।
১ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪, ৭ ও ১৩ অক্টোবর ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে খেলবেন জামাল-তপুরা।
আসরে অংশ নেওয়া পাঁচ দল প্রথম পর্বে একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল ১৬ অক্টোবর ফাইনাল খেলবে।