করোনার থাবা পাশ কাটিয়ে অনেকেই শ্যুটিং ফ্লোরে ফিরেছেন। কেউ কেউ নিয়মিতই কাজ করছেন। তবে ব্যতিক্রম ঢালিউডের গ্ল্যামার গার্ল ইয়ামিন হক ববি। করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি, লকডাউন ও কোরবানির ঈদ সব মিলিয়ে দীর্ঘদিন তিনি সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ান না। তাই তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে সিনেমা পাড়ায়। কেউ বলছেন, ববির হাতে কোনো সিনেমা নেই। কেউ বলছেন এত লম্বা বিরতির পর তিনি কি আর ঘুরে দাঁড়াতে পারবেন? তার শুভাকাক্সক্ষীরা অবশ্য নায়িকাকে নিয়ে আশাবাদী। তারা বলছেন, ববি ফিরবেন স্বমহিমায়। কারণ, দর্শক থেকে শোবিজের মানুষ- সবাই জানেন এই নায়িকা বিগ বাজেটের সিনেমাতেই বেশি কাজ করেছেন। ফিরলে তেমনি কোনো সিনেমাতেই তাকে দেখা যাবে বলে আভাস। কিন্তু এর মধ্যেই এ মাসের মাঝামাঝিতে খবর বের হয়, দ্রুতই সিনেমায় কামব্যাক করছেন এই নায়িকা। তার নতুন সিনেমার নাম ‘ময়ূরপঙ্খী’। এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। এ প্রসঙ্গে ববি গণমাধ্যমকে বলেন, ‘অনেকদিন তো বসে ছিলাম। করোনার প্রকোপ শেষ হবে বলে মনে হয় না। এরই মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও নিয়েছি। তাই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। সিনেমার শ্যুটিং শুরু করব। কিছু স্ক্রিপ্টও এসেছে। এগুলো দেখব। ভালো লাগলে সেসব কাজও চূড়ান্ত করব একে একে।’
সেই কাজের অগ্রগতি জানতেই ববির সঙ্গে যোগাযোগ। এবার তিনি যে তথ্য দিলেন, তাতে আবারও ববি ভক্তরা হতাশায় ডুবতে পারেন। কারণ তারা ভেবেছিল শিগগিরই হয়তো তিনি সিনেমার শ্যুটিং শুরু করবেন। কিন্তু সেই সিনেমার এখনো কোনো কাজই শুরু হয়নি। ববি বলেন, ‘সিনেমা দীর্ঘ প্রক্রিয়া। বললেই কাজ করা যায় না। অনেক হিসাব নিকাশ থাকে। ছবিটির সঙ্গে আমি মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছি। যেহেতু কোনো কাজ করছি না, তাই প্রস্তুতির মধ্যেই আছি। সব ব্যাটে বলে মিলি গেলে তবেই কাজ করব।’
স্পষ্ট ধারণা পাওয়া গেল সেই সিনেমার পরিচালক রাশিদ পলাশের কথায়। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এটা ঠিক যে আমার পরিচালনায় ময়ূরপঙ্খী সিনেমা দিয়েই সিনেমার যে লম্বা বিরতি হয়েছে ববির, সেটা ভাঙবে। তবে দ্রুতই কাজ শুরু করতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘আমি এখনো এই ছবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হইনি। তাই এ নিয়ে এখনই খুব বেশি স্পষ্ট কোনো তথ্য দেওয়াটাও ঠিক না। তবে এটুকু বলতে পারি, আমাদের দেশের সিনেমার প্রসেসই এরকম। কাজটি আমি করব, এবং ববিও কাজটি করবেন। কিন্তু দেরি হবে।’
রশিদ পলাশ এখন আলোচিত সিনেমা ‘প্রীতিলতা’ নিয়ে ব্যস্ত। চিত্রনায়িকা পরীমণিও এই সিনেমার মাধ্যমে তার বিরতি ভাঙতে চলেছেন। পরিচালক বলেন, ‘নভেম্বর পর্যন্ত প্রীতিলতার কাজই করব। এরপর ময়ূরপঙ্খীর প্রি প্রোডাকশন শুরু হবে। আমরা এ বছরের শেষে শ্যুটিং শুরু করতে চাই। যদি না পারি, তবে আগামী বছরের একেবারে শুরুর দিকেই কাজ ক্যামেরা চালু করব।’
সিনেমার কাজে দেরি হলেও চলতি মাসেই শ্যুটিংয়ে ফিরেছেন ববি। ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় বছর আগে তাকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনে। তবে পছন্দসই হওয়ায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন এই নায়িকা। এটি নির্মাণ করছেন রেহমান খলিল। ববি জানান, ‘এই বিজ্ঞাপনে গ্ল্যামারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এটি একটি বিউটি সোপের বিজ্ঞাপন। কিছু কাজ থাকে যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফল আসবে! বিজ্ঞাপনটির শ্যুটিং আয়োজন ও নির্মাণ ভাবনা এবং আমার উপস্থিতি সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ। প্রচারের পর দর্শক বুঝতে পারবেন।’
সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন এ নায়িকা। এর আগে ‘বিজলী’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। নতুন কোনো প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক কিছু ভেবেচিন্তে প্রযোজনা করতে হয়। কারণ, সিনেমা প্রযোজনা করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সিনেমার প্রতি অমোঘ টান না থাকলে সেগুলো টপকানো সম্ভব হয় না। আমি চেষ্টা করেছি। সফলও হয়েছি। তবে এখন যে সময় যাচ্ছে তাতে নতুন প্রযোজনার সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে একবার যেহেতু শুরু করেছি, সেটা চলমান থাকবে। আজ না হোক কাল। তবে আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলতে পারি, সিনেমা নির্মাণ আরও বেশি সহজতর হওয়া উচিত। সিনেমা নির্মাণের নিয়মনীতি আরও সহজ করলে প্রযোজকরা লাভবান হবেন এবং নতুন নতুন প্রযোজক তৈরি হবেন। এতে করে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে বলে আমার বিশ্বাস।’