পড়তি ক্যারিয়ারের মাঝে অনেকেই রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন। সে তুলনায় রিয়া চক্রবর্তীর প্রতি দর্শকের আগ্রহ আকাশছোঁয়া। এ বিবেচনা থেকে তাকে লাখ লাখ টাকার প্রস্তাব দেওয়া যেতেই পারে।
২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৫’। প্রতিযোগী তালিকার কয়েকজনের নাম প্রকাশ্যে এলেও বাকিদের নাম এখনো জানা যায়নি। আর না জানা থেকেই শুরু হয়েছে জল্পনা। সেই জল্পনায় ইন্ধন দিল মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম।
বলা হচ্ছে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
রিয়াকে নাকি ‘বিগ বস’ কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে ৩৫ লাখ রুপির প্রস্তাব দিয়েছে। এর আগে কোনো নামী প্রতিযোগী এত পরিমাণ পারিশ্রমিক পাননি। যদিও এখনো পর্যন্ত এই খবরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কিন্তু গত সোমবার নাকি ‘বিগ বস’ স্টুডিও-র বাইরে রিয়াকে দেখা গেছে। তার পর থেকেই জল্পনা তুঙ্গে।
সালমান খানকে ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ওই প্রতিযোগিতায়। একই সঙ্গে অভিনেতা করণ কুন্দ্রা, প্রতীক সেহজপাল, উমর রিয়াজ, অভিনেত্রী তেজস্বী প্রকাশ, শমিতা শেঠি প্রমুখের নাম ওঠে এসেছে। সেই তালিকাতেই নাকি রিয়ার নামও রয়েছে।