বিশ্বকাপের আগে মাশরাফীর ক্লাসে তাসকিন-সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আর তিন দিন পরই ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে দেশে কোনো আনুষ্ঠানিক অনুশীলন হয়নি টাইগারদের। তবে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করছেন নিয়মিত।

বৃহস্পতিবারও মিরপুরে অনুশীলন করেছেন অনেকে। যেখানে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে দেখা গেছে কোচের ভূমিকায়।

এদিন মাশরাফী ঘণ্টা তিনেক কাজ করেছেন পেসার তাসকিন আহমেদকে নিয়ে। মূলত মাশরাফীর কাছ থেকে স্লোয়ার এবং কাটারের বিভিন্ন দিক নিয়ে দীক্ষা নিয়েছেন তাসকিন। সুযোগটা কাজে লাগিয়েছেন পার্টটাইম পেসার সৌম্য সরকার।

সংবাদমাধ্যমকে সৌম্য বলেন, ‘মাশরাফী ভাই আমাদের স্লোয়ার এবং কাটারের কিছু গ্রিপ দেখিয়েছেন।’

তাসকিন বলেন, ‘ভাইয়াকে বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ, আমার আসলে পেস, সুইং এইগুলোর উন্নতি হচ্ছে, কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পিছিয়ে। স্লোয়ারে উন্নতি করতে চাই।’

‘ভাই এসে কিছু গ্রিপ দেখিয়ে বলেছেন, একেকজনের একেক রকম অ্যাকশন হয়। এগুলো একটু চেষ্টা করে দেখতে পার। আমার কাছে ভালো লেগেছে, কিছু কাটারের গ্রিপ দেখিয়েছেন। আশা করি, এইগুলা প্রয়োগ করলে ফল মিলবে।’

কোচের ভূমিকায় হলেও এদিন অনেক দিন পর বল হাতে দেখা গেল মাশরাফীকে। ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের পর থেকেই মাঠের বাইরে তিনি। কদিন আগে অবশ্য একবার মিরপুর ঘুরে গেছেন। তবে সেটা পারিবারিক কাজে।

২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন মাশরাফী। এরপর আর জাতীয় দলেও বিবেচিত হননি তিনি। টেস্ট খেলেন না তিনি ২০০৯ সাল থেকেই। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০১৭ সালে।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে রেখেছে ভারত। অনেকে বাংলাদেশ দলে মাশরাফীকে এমন ভূমিকায় দেখতে চাইছিলেন। তবে সংসদ সদস্য হওয়ায় মাশরাফী সময় করতে পারবেন কিনা সেটি একটি বড় বিষয়। তা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও কোনো প্রস্তাব পাননি তিনি।

এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘আমরা তাকে এমন কোনো ভূমিকা প্রস্তাব করিনি। কারণ কোনো ক্রিকেটার এমন কিছু চায়নি।’