ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অরণ্য আনোয়ার প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। এই খবর আসতে না আসতেই পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অর্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, পরীমণির চুক্তিবদ্ধ হওয়া ‘মা’ ছবিতে কাজ করার কথা ছিল তার। সে জন্য শিডিউলও খালি রেখেছিলেন। কিন্তু তাকে না জানিয়েই তাকে বাদ দিয়ে পরীমণিকে নেওয়া হয়। তবে বিষয়টি তুলে ধরে পোস্ট দিলেও সেই পোস্টে পরিচালকের নাম প্রকাশ করেননি। পরে অবশ্য গণমাধ্যমের কাছে পরিচালকের নামও জানিয়ে দেন তিনি।
নিজের পোস্টে অর্ষা লেখেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, সবাই তাকে চেনেন। কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। তার ক্যারেক্টারটার জন্য আমাকেই লাগবে বলে জানান। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। এরপর পরিচালক অনেক অনুরোধ করলে আমি রাজি হই। সব শিডিউল শাফল করি, ৩ দিন পর আমাদের মিটিং হওয়ার কথা। আজকে উনি আমাকে বলেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন। এই মেসেজটি পড়ার আগেই আমি নিউজ দেখলাম যে আমার পরিচালক গতকাল একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমায়। হয়ে গেল না ব্যাপারটা হাস্যকর? আর শুটিং হবে জানুয়ারিতে কারণ এর আগে ওই নায়িকার ডেট ফাঁকা নেই। কাজ নাই হতে পারে কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, তবুও শুভ কামনা আপনার অসততা আর প্রথম সিনেমার জন্য।’
উল্লেখ্য, ‘মা’ ছবিটি ১৯৭১ সালে সাতমাস বয়সী মৃত এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। গতকাল ছবিটিতে চুক্তিবদ্ধ করা হয় পরীমণিকে।